নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন,অভিযানের সময় শিবু মার্কেট সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের ওজন ২০ হাজার ২০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।
অভিযান চলাকালে ট্রাক দুটির চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন বিনষ্ট করার জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।