ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস (৬০) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচ পাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসাহাক বিশ্বাস ঐ গ্রামের বাসিন্দা।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে কোনো এক সময়ে চা দোকানির ইসাহাক বিশ্বাসের পায়ে অজান্তে সাপে কামড় দেয়। রাত সাড়ে ৮টার দিকে টের পেয়ে পরিবারের লোকের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। তবে ওঝা ঝাড়ফুঁক করে ব্যর্থ হন। এ সময় ওঝা বিষ মাথায় উঠে গেছে বলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাত ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসার দেওয়ার পর তার মৃত্যু হয়।
ডাক্তাররা জানিয়েছেন, দেরিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসায় ওষুধ প্রয়োগের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।