যশোরের কেশবপুরে বাসচাপায় মোহাম্মদ আলী (৭৫) নামে এক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে কেশবপুর শহরের মাইকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে। তিনি কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। পথে মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।