ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করতে একটি ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প একে গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে চুক্তিটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এই প্রক্রিয়ায় হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে। এরপর নতুন ফিলিস্তিন সরকার গাজার শাসনভার নেবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নবগঠিত ফিলিস্তিন পুলিশের সঙ্গে কাজ করবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। ট্রাম্প বলেন, গাজাকে আর কখনো সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না; ৭ অক্টোবরের মতো কোনো হুমকিও মাথাচাড়া দিতে পারবে না। মধ্যস্থতার জন্য তিনি মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।
মার্কিন নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে দীর্ঘ আলোচনায় চুক্তিটি চূড়ান্ত হয়। এর লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’-এর হাতে ক্ষমতা হস্তান্তর। তবে একে ঐতিহাসিক বললেও ইসরায়েলি ও পশ্চিমা কূটনীতিকরা বেশ সংশয়ে আছেন। চুক্তিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণ দাবির পূর্বশর্ত মানা হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
ঘোষণার সময় হামাস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। তবে আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সম্মতি দেওয়া চুক্তির অনুলিপি তাদের হাতে এসেছে। মূল যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এই অগ্রগতি সামনে এলো।