বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুচ্চালিত পানির মোটরে লাইন সংযোগ দিতে গিয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হাসান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির গরুর গা ধোয়ানোর জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।