শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর গতিপথ বদলানো সম্ভব? প্রথম পরীক্ষায় মিলল বড় সাফল্য

অনলাইন ডেস্ক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি

পৃথিবীর দিকে বিপজ্জনকভাবে ধেয়ে আসা কোনো গ্রহাণুকে কি আঘাত করে তার গতিপথ পরিবর্তন করা সম্ভব? এমন প্রশ্নের উত্তর খুঁজতে কয়েক বছর আগে মহাকাশে পরীক্ষামূলক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার সেই অভিযানের ফলাফল সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, নাসার মহাকাশযানের আঘাতে গ্রহাণুর পৃষ্ঠে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে পৃথিবীকে গ্রহাণুর সম্ভাব্য আঘাত থেকে রক্ষার প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীদের আশাবাদ আরও বেড়েছে।

বিজ্ঞানীদের ধারণা, প্রায় সাড়ে ৬ কোটি বছর আগে বিশাল এক গ্রহাণুর আঘাতেই পৃথিবীর পরিবেশ ও জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটে। এর ফলে ডাইনোসরসহ বহু প্রাণী বিলুপ্ত হয়ে যায়। ভবিষ্যতে এমন কোনো ঘটনা আবার ঘটলে পৃথিবীকে কীভাবে রক্ষা করা সম্ভব, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন মহাকাশবিজ্ঞানীরা।

সৌরজগতের মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে রয়েছে বিশাল গ্রহাণু বলয়। সেখানে অসংখ্য গ্রহাণু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এসব গ্রহাণুর কিছু পৃথিবীর কাছাকাছি চলে এলেও সবগুলো বিপজ্জনক নয়। অনেক গ্রহাণু বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে যায়, আবার কিছু পৃথিবীর পাশ দিয়ে চলে যায়। তবে বড় কোনো গ্রহাণু সরাসরি পৃথিবীতে আছড়ে পড়লে তা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে।

এমন ঝুঁকি মোকাবিলায় গ্রহ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এরই অংশ হিসেবে ২০২২ সালে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (ডার্ট) নামে একটি পরীক্ষামূলক অভিযান পরিচালনা করে নাসা।

ওই অভিযানে একটি মহাকাশযান ঘণ্টায় প্রায় ২২ হাজার কিলোমিটার গতিতে গিয়ে ‘ডিমোরফোস’ নামের একটি গ্রহাণুতে আঘাত করে। পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ না হলেও সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর আকার ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল থাকায় এটিকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল। প্রায় ৪৯৫ ফুট দীর্ঘ এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়লে একটি শহর পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

সংঘর্ষের পর নাসা জানায়, মহাকাশযানের আঘাতে ডিমোরফোসের কক্ষপথে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রমাণিত হয়, পরিকল্পিতভাবে কোনো গ্রহাণুর গতিপথ পরিবর্তন করা সম্ভব।

তবে সংঘর্ষের ফলে গ্রহাণুটির পৃষ্ঠ ও অভ্যন্তরীণ গঠনে কী ধরনের পরিবর্তন হয়েছে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন ছিল। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই ইউরোপীয় মহাকাশ সংস্থা পাঠায় ‘হেরা’ নামের একটি মহাকাশযান।

সম্প্রতি ডিমোরফোসের কাছাকাছি পৌঁছে সেটির ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করেছে হেরা। গ্রহাণুটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১৯ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এটি ৭৩০ মিটার চওড়া ‘ডিডাইমোস’ নামের আরেকটি গ্রহাণুকে কেন্দ্র করে ঘুরছে। অন্যদিকে ডিমোরফোসের আকার প্রায় ১৫১ মিটার।

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রকাশ করা প্রথম দিকের ছবিতে ডিমোরফোসের পৃষ্ঠে বড় ধরনের গর্তের চিহ্ন দেখা গেছে। বিজ্ঞানীদের ভাষ্য, নাসার মহাকাশযানের আঘাতে গ্রহাণুটির একটি অংশ চ্যাপ্টা হয়ে গেছে এবং সেখানে স্টেডিয়ামের আকারের বিশাল গর্ত তৈরি হয়েছে।

হেরা অভিযানের গবেষকদলের প্রধান প্যাট্রিক মিশেল বলেন, সংঘর্ষের ফলে গ্রহাণুটির পৃষ্ঠে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ছবিতে এমন দৃশ্য দেখে তিনি বেশ উচ্ছ্বসিত।

সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান ইনস্টিটিউটের গ্রহবিজ্ঞানী এবং হেরা অভিযানের অন্যতম সদস্য সাবিনা রাডুকান জানান, গ্রহাণুটির প্রস্থের প্রায় সমান আকারের একটি গর্ত তৈরি হয়েছে।

তবে ডিমোরফোসের বাকি অংশে বড় কোনো পরিবর্তনের প্রমাণ মেলেনি। এর পৃষ্ঠে ছড়িয়ে থাকা বড় বড় পাথরখণ্ডও আগের মতোই রয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে।

হেরা অভিযানের পরবর্তী পর্যায়ে গ্রহাণুটিকে আরও কাছ থেকে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য মহাকাশযানটি থেকে দুটি ছোট কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে। এর একটি ‘জুভেন্টাস’ রাডার প্রযুক্তি ব্যবহার করে গ্রহাণুটির অভ্যন্তরীণ গঠন পরীক্ষা করবে। অন্যটি ‘মিলানি’ গ্রহাণুটির খনিজ উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।

বিজ্ঞানীদের আশা, এসব পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহাণুতে আঘাত করার পর তার গঠন, পৃষ্ঠ এবং কক্ষপথে কী ধরনের পরিবর্তন ঘটে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ভবিষ্যতে কোনো বড় গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠলে সেটির গতিপথ পরিবর্তনের কার্যকর কৌশল নির্ধারণেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্যসূত্র: আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর