সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সেবায় একের পর এক বিভ্রাট দেখা দিলেও নিজেদের ই-মেইল সেবা জিমেইল স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, জিমেইলে বড় ধরনের কোনো সেবা-বিভ্রাটের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে ব্যবহারকারীদের সেবাটির অনলাইন স্ট্যাটাস ড্যাশবোর্ড থেকে তাৎক্ষণিক অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে তারা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় গুগল। এর আগে জিমেইল সেবা বন্ধ থাকার বিষয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। একই সময়ে অ্যাপলের কয়েকটি সেবায় প্রকৃতপক্ষেই বিভ্রাট দেখা দেওয়ায় জিমেইল নিয়েও আলোচনা শুরু হয়।
তবে জিমেইল ব্যবহারে সমস্যার কথা যেমন জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী, তেমনি অনেকে জানিয়েছেন তাদের সেবা ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না।
জিমেইল নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের একটি পোস্ট থেকে। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা বিভিন্ন অনলাইন সেবায় সমস্যার কথা জানাতে পারেন। তবে সেখানে পাওয়া তথ্য কোনো সেবায় প্রকৃতপক্ষে কতটা বা কী ধরনের বিভ্রাট ঘটেছে, তা নিশ্চিত করার আনুষ্ঠানিক প্রমাণ নয়।
এদিকে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবায় সাম্প্রতিক বিভ্রাটের ঘটনায় অনলাইন সেবার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত এক সপ্তাহে অ্যাপল ও মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যা দেখা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নেটওয়ার্কে ত্রুটির কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। কয়েকটি ব্যাংক ও উড়োজাহাজ সংস্থাও তাদের সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে।
তবে এসব ঘটনার পেছনে সমন্বিত কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন। মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কোনো তৎপরতারও ইঙ্গিত পাওয়া যায়নি।
ক্লেটনের ধারণা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবস্থা হালনাগাদের সঙ্গে সাম্প্রতিক সমস্যাগুলোর সম্পর্ক থাকতে পারে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অগ্রগতির ফলে নতুন সফটওয়্যার মডেলগুলো আগের তুলনায় আরও দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বড় পরিসরে সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তা প্যাচ যুক্ত করার কাজ করছে। ফলে প্রযুক্তি ব্যবস্থায় সাময়িক জটিলতা তৈরি হতে পারে।