আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ ও জেলা পুলিশ। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, তদারকি ও সার্বক্ষণিক নজরদারি।
শনিবার বিকেলে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যাব সূত্র জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ র্যাব-১২–এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে, যেখান থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
হাট এলাকায় চাঁদাবাজি, জাল টাকা লেনদেন কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমেও হাট এলাকায় নজরদারি করা হচ্ছে।
র্যাব আরও জানায়, জাল টাকা শনাক্তে বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি খামারি ও ব্যবসায়ীদের হয়রানি কিংবা এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়ার মতো অভিযোগ প্রতিরোধেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাবের পাশাপাশি জেলা পুলিশের তত্ত্বাবধানে হাট এলাকায় দায়িত্ব পালন করছে রায়গঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।
উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত চান্দাইকোনা পশুর হাটে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে আসেন। ঈদ ঘনিয়ে আসায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।