পিরোজপুরে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই ভাই খাগড়াছড়ি জেলার মো. মহাসিন মিয়ার ছেলে। তারা খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নানা বাড়ির উঠানে দুই ভাই খেলছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় জানান, শিশু দুটিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন তথ্য পাইনি।