সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি। এ ঘটনায় রোববার সকালে খুকনী স্কুল মাঠে এলাকাবাসি ও সহপাঠীরা ঘন্ট্যাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত নিরাপদ উদ্ধারের দাবি জানান।
নিখোঁজরা হলেন, খুকনী রহমত খোলা মোঃ শামীমের ছেলে মোঃ আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মোঃ খোরশেদ এর ছেলে মোঃ আফসার (১০)।
জানা যায়, গত ১১ জুন সকালের দিকে খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় আব্দুল্লাহ। পরে স্কুল ব্যাগ ব্রেঞ্চে পড়ে আছে। দুপুরের পর থেকে তার বন্ধু আফসার সহ নিখোঁজ। নিখোজের এ ঘটনায় দুই শিশুর পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে পুরো খুকনী এলাকায় উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুকনী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাবু ও থানা ছাত্র দলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা সহ নিখোঁজের পিতা মাতা ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, দুটি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের মধ্য আতঙ্ক ছড়িয়রে পড়েছে।দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপরতার দাবি করছি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।