বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় ২২১ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় মোংলা থানার জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে ২২১ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।