চলতি ফিফা বিশ্বকাপে বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখায় ফুটবল ভক্তদের জন্য এক অভাবনীয় উপহার নিয়ে হাজির হয়েছে বিশ্বখ্যাত চেইন শপ ডমিনোস। মাঠের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ডমিনোসের পূর্বঘোষিত প্রতিশ্রুতির কারণে রূপ নিয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ফ্রি পিৎজা উৎসবে।
অবশ্য টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই গত মে মাসে একটি বিশেষ প্রচারণা ঘোষণা করেছিল ডমিনোস। সেখানে বলা হয়েছিল, বিশ্বকাপ চলাকালীন মার্কিন জাতীয় দলের কোনো খেলোয়াড় যদি লাল কার্ড পান, তবে ভক্তদের হতাশা কাটাতে এবং পরিস্থিতি সামাল দিতে ডমিনোস ৬০ হাজারেরও বেশি মিডিয়াম সাইজের ‘ইমার্জেন্সি পিৎজা’ বিনামূল্যে বিতরণ করবে। বোসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে বালোগান লাল কার্ড দেখার পর ডমিনোস তাদের সেই প্রতিশ্রুতিই এখন পূরণ করতে যাচ্ছে।
ম্যাচের দ্বিতীয় বায়ার্ধে বালোগান মাঠ ছাড়লেও অবশ্য শেষ পর্যন্ত উল্টো উৎসবে মেতেছে যুক্তরাষ্ট্র। তারকা এই স্ট্রাইকার লাল কার্ড পাওয়ার পর ৮২ মিনিটে মালিক টিলম্যানের দারুণ এক ফ্রি-কিক গোলে জয় নিশ্চিত করে মার্কিনরা। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়লাভ করে শেষ ১৬-তে নিজেদের জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে একদিকে যেমন শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে, তেমনি ডমিনোসের সৌজন্যে ফ্রি পিৎজা পাওয়ার আনন্দে ভাসছেন দেশটির সমর্থকরা।
চলতি বিশ্বকাপে তিন গোল করে বালোগান দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে এই লাল কার্ডের কারণে ফাউলের তীব্রতা বিবেচনা করে তাকে আগামী দুই বা তার বেশি ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে, যা যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচগুলোর জন্য বড় ধাক্কা হতে পারে।
ডমিনোসের এই বিশেষ ফ্রি পিৎজা সুবিধাটি পাওয়ার জন্য গ্রাহকদের গত ১০ জুনের মধ্যে ডমিনোসের ওয়েবসাইটে নিবন্ধন এবং তাদের রিওয়ার্ডস প্রোগ্রামে যুক্ত থাকতে হয়েছিল। যারা এই তালিকায় নির্বাচিত হয়েছেন, তারা ডমিনোসের শর্তানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এই ফ্রি পিৎজার অফারটি লুফে নিতে পারবেন।