আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ১৫৩ জন সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মকর্তাদের ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, মূল্যবোধ, সেবাদর্শন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের প্রায় ৬১ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকসেবামুখী দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও আত্মউন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’ সদস্যদের আত্মকর্মসংস্থান, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত কর্মকর্তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।