শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা অনলাইন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে সিরাজগঞ্জ জেলায় শিশু সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শুক্রবার সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অডিনেটর মনির হোসাইন।
দিনব্যাপী কর্মশালায় শিশু অধিকার, বাল্যবিয়ে ও শিশু শ্রমসহ বিভিন্ন বিষয়ে ভিডিও প্রতিবেদনের জন্য ক্যামেরার ব্যবহার, শট নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণ এবং প্রতিবেদন লেখার বিষয়ে নানা কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জের সমন্বয়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু কর্মশালার সমন্বয় করেন।
জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
কর্মশালায় অংশ গ্রহনকারী শিশু সাংবাদিকরা হলেন, আব্দুল্লাহ ফুয়াদ, স্বাধীন সেখ, রাহাত হোসেন, জান্নাতুল শিফা, আতকিয়া বিনতে আজগর, ইসমা খাতুন, নুরনবী সরকার, সিদরাতুল মুনতাহা রুপন্তী, রাকিবুল ইসলাম ও রেদোয়ান ইসলাম।