মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬



এভিয়েশন খাত সম্পর্কে সাংবাদিকদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দপ্তরে Civil Aviation & Air Traffic Operation শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।

সোমবার (২০ জুলাই) বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের সেবায় বেবিচকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সদস্য এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), ন্যাভিগেশন এইডস, অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS) এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিমান পরিচালনার বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। এ বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।

তিনি জানান, সাংবাদিকদের বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা ও এভিয়েশনের বিভিন্ন কারিগরি বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই এ কর্মশালার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও অপারেশন, নিরাপত্তা এবং এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, আন্তর্জাতিক মানদণ্ড ও সমসাময়িক এভিয়েশন ইস্যু নিয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যান ও সংস্থাটির সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং মতবিনিময় করেন।কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর