প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। প্রযুক্তিবিষয়ক টিপস্টার ‘স্মার্ট পিকাচু’-এর তথ্য অনুযায়ী, চীনে নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্স অ্যাপলের এযাবৎকালের সবচেয়ে দামি নন-ফোল্ডিং ফোন হিসেবে বাজারে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে টিপস্টারটি জানায়, চীনে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম হতে পারে ১১ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৫৬ হাজার ৭০০ রুপি)। যা আগের আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়ে প্রায় ১ হাজার ইউয়ান বেশি। মূলত নতুন হার্ডওয়্যার এবং মেমোরির অতিরিক্ত খরচের কারণেই ফোনের মূল্য বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনে ব্যবহৃত ‘এ২০ প্রো’ চিপটি তৈরি হবে টিএসএমসির (TSMC) অত্যাধুনিক ২ ন্যানোমিটার (2nm) প্রযুক্তিতে। টিএসএমসির প্রতিটি ২ এনএম ওয়েফারের দাম প্রায় ৩০ হাজার ডলার, যা ৩ এনএমের চেয়ে ৫০ থেকে ৬৬ শতাংশ বেশি। ফলে এই চিপ উৎপাদনে খরচ বাড়বে ২০ শতাংশেরও বেশি। অ্যাপল ইতোমধ্যে টিএসএমসির শুরুর দিকের উৎপাদিত ২ এনএম চিপের অর্ধেকেরও বেশি নিজেদের জন্য নিশ্চিত করে রেখেছে।
এদিকে বিশ্ববাজারে মেমোরির দাম বৃদ্ধিও সার্বিক খরচ বাড়িয়ে দিয়েছে। তথ্য অনুযায়ী, সম্প্রতি মেমোরির যৌথ দাম ৩০০ শতাংশের বেশি বেড়েছে। ফলে একটি স্মার্টফোনের মোট উপকরণের খরচের প্রায় পাঁচভাগের একভাগই এখন চলে যাচ্ছে মেমোরির পেছনে।
এ বছর অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলোও তাদের হ্যান্ডসেটের দাম বাড়িয়েছে। অ্যাপল তাদের আইফোন ১৭ সিরিজের দাম অপরিবর্তিত রাখলেও, উপকরণের খরচ বেশি থাকলে আইফোন ১৮ সিরিজের দাম পরিবর্তন করতে পারে। পাশাপাশি এই সিরিজের সঙ্গে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল ফোনও উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে এর দাম বা সুনির্দিষ্ট কোনো বিবরণ প্রকাশ করেনি।