দেশে সারের কোনও ঘাটতি বা সংকট নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান। তার অভিযোগ, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সার ডিলারদের একটি বড় অংশ গুদামে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটকে কাজে লাগিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে অধিকাংশ ডিলার লাইসেন্স পেয়েছেন। গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা গুদামে সার মজুত রেখে কৃত্রিম সংকট দেখিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বাজারব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, কোনো ডিলার যেন অবৈধভাবে সার মজুত করে বাজারে সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক সভাপতিত্ব করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।