“সুস্থতার ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ফার্মা সী ক্লাবের উদ্যোগে রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ।
এছাড়া স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ, থানা ও হাট-বাজারে স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজনীন সাহরিয়া। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফ আলী।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োমেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্স’র ডিন প্রফেসর ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা মাহমুদ হাসান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পেশার ক্ষমতায়ন কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং শক্তিশালী ও ভবিষ্যৎ-মুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য অপরিহার্য । বিশ্ব ফার্মাসিস্ট দিবস হলো এই পেশার অবদানকে উদযাপন করার এবং সবার সামনে দৃশ্যমান করার একটি সুযোগ। বক্তারা আরো উল্লেখ করেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো তীব্র হওয়ার সাথে সাথে, ফার্মেসির অগ্রযাত্রায় বিশ্বনেতা এফআইপি, সরকার, নীতি-নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, স্বাস্থ্য বীমাকারী এবং জনসাধারণের প্রতি সহায়ক নীতি জোরদার করতে, শিক্ষায় বিনিয়োগ করা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তাদের পূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিত এছাড়াও জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও সঠিক ওষুধ ব্যবহারে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও জনসেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।