মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বড় বিশৃঙ্খলা হয়নি : পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের সড়কে নামার চেষ্টা থাকলেও কোথাও বড় ধরনের অবরোধ বা বিশৃঙ্খলা হয়নি বলে দাবি করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ায় সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম এ কথা জানান।

মো. মহিদুল ইসলাম বলেন, মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা শ্রমিকদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন জায়গায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে ভেতরে ভেতরে জমায়েত হওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ কর্মকর্তারাও মাঠে উপস্থিত ছিলেন। যাতে কেউ শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

আটকের বিষয়ে তিনি বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, তারা পোশাকশ্রমিক কি না, অন্য কোনো এলাকা থেকে এসেছেন কি না। তারা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও সড়ক অবরোধ, রাস্তা বন্ধ বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মো মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এই আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা বা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের চেষ্টা করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর