সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তালা আড্ডা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

গাজীপুর প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন, নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন এক নারী। গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তিনি। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় আবু তাহের প্রধানকে প্রধান আসামি এবং তাঁর বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

এর আগে একই যুবদল নেতার বিরুদ্ধে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, সংসার ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ওই নারীর স্বামী আলমগীর হোসেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এবার ওই নারী নিজেই আবু তাহেরের বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী প্রায় পাঁচ বছর আগে চাকরির সুবাদে শ্রীপুরের বহেরারচালা এলাকায় আবু তাহের প্রধানের মালিকানাধীন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন মামলার দ্বিতীয় আসামি আব্দুল কাদের। বাড়ির মালিক হিসেবে আবু তাহেরের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে আবু তাহের ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন অজুহাতে যোগাযোগ শুরু করেন। পরে তাঁকে প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আবু তাহের বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তবে বিয়ে ছাড়া তিনি রাজি হননি। পরে গত ৮ আগস্ট দুপুর ১২টার দিকে আবু তাহের ও তাঁর বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদের ওই নারীর ভাড়া বাসায় যান। বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে প্রবেশের পর আবু তাহের দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় আব্দুল কাদের ঘরের বাইরে পাহারায় ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কাউকে কিছু না বলার জন্য ওই নারীকে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি কিছুদিনের মধ্যে বিয়ে করার আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিয়ের কথা বলে গত ২৯ অক্টোবর ওই নারীকে আবু তাহেরের বাসায় যেতে বলেন। একই সঙ্গে নিজের ব্যবহৃত স্বর্ণালংকার, কাপড়চোপড় ও জমানো নগদ টাকা সঙ্গে নিয়ে আসতে বলেন তিনি। তাঁর কথায় বিশ্বাস করে ওই নারী বিকেল ৪টার দিকে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে আবু তাহেরের বাসায় যান। সেখানে নিজের টাকা ও মালামাল তাঁর কাছে গচ্ছিত রাখেন।

মামলার বিবরণ অনুযায়ী, পরদিন ৩০ অক্টোবর রাত ৮টার দিকে আবু তাহের তাঁর বাসায় ওই নারীকে আবারও ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের দাবিতে ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ও মামলায় উল্লেখিত সাক্ষীরা সেখানে উপস্থিত হন। পরিস্থিতি সামাল দিতে আবু তাহের তাঁকে বিয়ের আশ্বাস দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে বিয়ের কথা বলে নিজের ব্যক্তিগত গাড়িতে তাঁকে তুলে গাজীপুরের উদ্দেশে রওনা হন। পথে বাঘের বাজার এলাকায় কাজী অফিসে যাওয়ার কথা বলে ওই নারীকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর গাড়ি পার্কিংয়ের কথা বলে আবু তাহের ও তাঁর সহযোগী দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর ওই নারী বিয়ের বিষয়ে যোগাযোগ করলে আবু তাহের নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাঁর পাঁচ লাখ টাকা ও তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ফেরত দিতে অস্বীকার করেন। এ ছাড়া তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর তিনি বিষয়টি গাজীপুরের পুলিশ সুপার, জেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতাদের কাছেও লিখিত অভিযোগ দেন। পরে গত ৬ নভেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

এর আগে গত ২০ অক্টোবর আবু তাহের প্রধানের বিরুদ্ধে গাজীপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ঐ নারীর স্বামী আলমগীর হোসেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর ধরে স্ত্রীকে নিয়ে আবু তাহেরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন। কর্মসূত্রে তাঁকে বাড়িতে কম সময় অবস্থান করতে হতো। এ সুযোগে বাড়ির মালিক তাঁর স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। পরে আর্থিক সুবিধা, বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন আলমগীর।

ওই অভিযোগে আরও বলা হয়, আবু তাহের নিজের রাজনৈতিক প্রভাব দেখিয়ে আলমগীরকে ভয়ভীতি প্রদর্শন করতেন এবং তাঁর স্ত্রীকে স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতেন। আলমগীরের সঙ্গে তাঁর স্ত্রীর ১২ বছরের দাম্পত্য জীবন এবং তাঁদের নয় বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের একটি অডিও রেকর্ড ও বেশ কিছু বার্তা ছড়িয়ে পড়ে। আগের প্রতিবেদনে প্রকাশিত অডিওতে আবু তাহেরকে আলমগীরের কাছে ক্ষমা চেয়ে সাক্ষাতে কথা বলার আগ্রহ প্রকাশ করতে শোনা যায় বলে উল্লেখ করা হয়েছিল।

অন্যদিকে, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় যুবদলের কাছে দাখিল করা অভিযোগের একটি কপি তাঁদের হাতে রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে নতুন দায়ের করা মামলার বিষয়ে আবু তাহের প্রধানের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর