কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে নিয়মিত ক্লাস না নিয়ে আড্ডা দেওয়া এবং সেখানে বসে ‘মামলা বাণিজ্যের’ সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদে এবং ক্ষুব্ধ হয়ে সাধারণ জনতার ব্যানারে ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার দুপুর ২টার দিকে খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় থেকে শিক্ষক সমিতির নেতা দাবি করা খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামানের ভাই কামরুজ্জামান শরীফকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়টি শিক্ষকদের নিয়মিত পাঠদান কার্যক্রমের বাইরে রাজনৈতিক ও ব্যক্তিগত আড্ডার কেন্দ্র হয়ে উঠেছিল বলে অভিযোগ ছিল। বিশেষ করে নিজেকে শিক্ষক সমিতির নেতা দাবি করা কামরুজ্জামান শরীফের বিরুদ্ধে এই কার্যালয়কে ব্যবহার করে নানা অনিয়ম ও ‘মামলা বাণিজ্যের’ মতো গুরুতর অভিযোগ তুলেন স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সাধারণ জনতার একটি দল আকস্মিক ওই কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং কামরুজ্জামান শরীফকে অফিস রুম থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন।
ঘটনার সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে জনি, মাসুদ, রফিক মন্ডল ও মোস্তাকসহ এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান বাদ দিয়ে সমিতি কার্যালয়ে সময় কাটানো এবং নানা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও খোকসা উপজেলায় বিভিন্ন অফিসারদের হুমকি এবং কৃষি অফিস, সমাজসেবা অফিস, এলজিডি অফিস,পি আইও অফিসে শরিফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিক্ষক সমিতির কার্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক এবং দায়িত্বে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।