আসন্ন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার স্থানীয় নির্বাচনী মাঠ। এর অংশ হিসেবে খোকশাবাড়ীর সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মনজুর রহমান বকুলের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার দিয়ার পাঁচিলের ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভা জনসমুদ্রে রূপ নেয়। খোকশাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল খোকশাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সেবা করার মানসিকতা নিয়েই আমি অতীতে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সুশাসন ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি মোহন রায়হান, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন সরকার, খোকশাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়সহ স্থানীয় প্রবীণ মুরুব্বি ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খোকশাবাড়ি ইউনিয়নের সফল চেয়ারম্যান ও মানবদরদী মরহুম ফরহাদ হোসেনের কনিষ্ঠ পুত্র মনজুর রহমান বকুল ছাত্রজীবন থেকেই পরিচ্ছন্ন রাজনীতির সাথে যুক্ত। বর্তমানে তিনি বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়কের দায়িত্ব পালন করছেন। তাঁর সৎ ইমেজ ও দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মাঝে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁকে পুনরায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে বক্তারা দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা শেষে উপস্থিত এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মনজুর রহমান বকুলের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।