মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে প্রেমিক প্রেমিকা নিখোঁজ, হয়রানির অভিযোগ খালাতো ভাইয়ের

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই দিনে প্রেমিক প্রেমিকা নিখোঁজ হয়েছেন। তারা একসঙ্গে পালিয়ে গেছেন বলে এলাকায় আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকের খালাতো ভাই মো. শিপন সুলতানকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার দাবি, ঘটনার সময় তিনি রাজধানী ঢাকায় ছিলেন। তারপরও তাকে জড়িয়ে তার মানসম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

নিখোঁজ প্রেমিকা সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামের মো. মুকুলের মেয়ে। সে কৃষ্ণদিয়া রইচা ওবায়েদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে নিখোঁজ যুবক রায়গঞ্জের নওদাশালুয়া গ্রামের মৃত জেল হোসেন মন্ডলের ছেলে মো. জুবায়ের মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে প্রেমের টানে সংসার করার উদ্দেশ্যে ওই স্কুলছাত্রী সরাসরি জুবায়েরের বাড়িতে চলে যায়। পরে প্রেমিক জুবায়েরের মা ও তার খালাতো ভাই শিপন সুলতান মেয়েটিকে বুঝিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। তবে সে বাড়ি ফিরতে রাজি না হয়ে ওই বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ফাঁস নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় মুরুব্বিদের ডেকে গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের হাতে তাকে তুলে দেওয়া হয়। তখনো যেতে না চাইলে তার চাচাতো ভাই মো. রুহুল কোলে করে তাকে বাড়িতে নিয়ে যান।

এরপর কেটে যায় প্রায় আট মাস। সবশেষ গত ১২ নভেম্বর বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। একই দিন থেকে নিখোঁজ রয়েছেন জুবায়ের মন্ডলও। দুজন একসঙ্গে চলে গেছেন বলে স্থানীয়দের অনেকে ধারণা করছেন। তবে তাদের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ কিংবা একসঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রেমিক জুবায়েরের খালাতো ভাই শিপন সুলতান জানান, ঘটনার আগের দিন ১১ নভেম্বর প্রাইভেটকার চালক হিসেবে ভাড়া নিয়ে তিনি রাজধানী ঢাকায় যান। পরদিন ১২ নভেম্বর গভীর রাতে বাড়িতে ফেরেন। অর্থাৎ স্কুলছাত্রী ও যুবক নিখোঁজ হওয়ার সময় তিনি এলাকায় ছিলেন না। তারপরও তাকে জড়িয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তার।

প্রেমিক জুবায়েরের খালাতো ভাই শিপন সুলতান বলেন, ‘ছেলেটির বাবা নেই। আমরা তার খোঁজখবর রাখি। গতবার মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল। আমরা গ্রামের মুরুব্বিদের ডেকে মেয়েটিকে তার বাবার হাতে তুলে দিয়েছি। এবার ছেলে ও মেয়ে দুজনই নিখোঁজ। অথচ ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না। আমাকে জড়িয়ে আমার মানসম্মান নষ্ট করা হচ্ছে।’

তিনি আরও জানান, গতবারের ঘটনার বিষয়ে পুরো এলাকার মানুষ অবগত রয়েছেন। মেয়েটি তখনো এসএসসি পরীক্ষার্থী ছিল এবং তার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি।

এ ঘটনায় শিপন সুলতানের সঙ্গে কথা বলতে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মেয়ের বাবা মো. মুকুল বলেন, আমার মেয়ে ওই ছেলের সাথেই গেছে। আর ছেলের খালাতো ভাই শিপন সুলতানের সংশ্লিষ্টতা থাকতে পারে। থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্ত করতে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর