বাংলাদেশের জার্সিতেও ফিজের ফর্ম বেশ ভালো। বর্তমানে মোস্তাফিজুর রহমান খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র ১৯ রান খরচায় ১ উইকেট তুলেছেন ফিজ। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ফিজের দল লাহোরও পেয়েছে প্রত্যাশিত জয়। জিতেছে ৬৯ রানের বড় ব্যবধানে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করেছেন লাহোরের পেসার হারিস রউফ। আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজুর রহমানকে।
সংবাদ সম্মেলনে হারিস বলেছেন, ‘আমাদের বোলিং লাইনআপটা এমন, আন্তর্জাতিক ক্রিকেটেও আমি এরকম বোলিং লাইনআপ খুব একটা দেখিনি। টি-টোয়েন্টির সেরা বোলাররা আমাদের দলে আছে। পেস স্পিন দুই জায়গাতেই। বেঞ্চেও আমাদের ভালো বোলার রয়েছে। কন্ডিশন বুঝে কম্বিনেশন সাজানো হবে। আজকে উসামা মীর বেঞ্চে ছিল, চার পেসার খেলানো হয়েছে। উসামা টি-টোয়েন্টিতে ভালো বোলার। লাহোর সেরা বোলিংটাই খেলানোর চেষ্টা করবে।’
মুস্তাফিজকে নিয়ে হারিস বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে থাকে। বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরম্যান্সও করেছে। আমাদের বোলিং লাইনআপকে শক্তিশালী বানিয়েছে মোস্তাফিজু। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শিখে নেওয়ার। উনি অনেক অভিজ্ঞ বোলার। চেষ্টা করব বোলিংয়ের নানা কৌশল উনার কাছ থেকে শিখে নেওয়ার এবং মাঠে সেসব কাজে লাগানোর।’
লাহোরের পরের ম্যাচ আগামী ২৯ মার্চ, প্রতিপক্ষ করাচি কিংস।