সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি দুগ্ধ কারখানার বায়োপ্লান্ট পরিস্কার করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫) নামে দুইজন ওই কারখানার শ্রমিক। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানায় নির্মিত বায়োগ্যাস প্লান্ট পরিস্কারের জন্য কারখানার দুইজন শ্রমিক প্লান্টের ভিতরে নামেন। ওই সময় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অন্য শ্রমিকরা আহতদের উদ্ধারের পর তাদের ঢাকায় পাঠানো হয়। দগ্ধ শ্রমিকদের শরীরের অধিকাংশ পুড়ে গেছে।
কারখানার মালিক রূপ কুমার ঘোষ বলেন, শ্রমিকরা পাম্প মেশিন দিয়ে বায়োপ্লান্ট পরিষ্কার করতে ভিতরে নেমেছিল। ওই সময় একজন শ্রমিক ভিতরে সিগারেট জ্বালানোর কারনে আগুণ ধরে যায়। দ্রুত তাদের উদ্ধারের পর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, বায়োপ্লান্টে বিস্ফোরণের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শুরুতর আহত দুই শ্রমিককে উদ্ধারের পর স্বজনরা ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করেছেন।