সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই প্রত্যেক শিশুর মেধা বিকাশের গুরুত্ব দিতে হবে। বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলগুলো তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং কোমলমতি শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শনিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে এবং তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বেলকুচি কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও আমিরুল ইসলাম খান আলীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।