সিরাজগঞ্জে একদিনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে সড়কের দুপাশে অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, সিরাজগঞ্জের কাটাওয়াপদা হতে নলকা পর্যন্ত সড়ক ও জনপদ (সওজ) এর জায়গায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন মাধ্যমে একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়েছিল। কিন্তু সরিয়ে না নেয়ায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকীগুলোও উচ্ছেদে অভিযান পরিচালনা করা করা হবে বলেও তিনি জানান।