সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আরও শক্তিশালী করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।
রবিবার এক মন্তব্যে আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সময়ে ইরানের সেনাবাহিনী সামরিক সক্ষমতা পুনর্গঠন ও শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে মেরামত করা বিভিন্ন সামরিক ব্যবস্থা পুনরায় সচল করা হয়েছে এবং নতুন সরঞ্জাম সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোয় যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, নতুন সরঞ্জাম সংযোজনের ফলে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় আরও উন্নত হয়েছে।
আকরামিনিয়া বলেন, আমরা সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। তিন মাসের যুদ্ধবিরতির সময়টি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি ভালো সুযোগ ছিল।
ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধে ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এই জেনারেল।
তার ভাষ্য, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং দেশটির সশস্ত্র বাহিনীর মনোবল ও সংকল্প ভেঙে দেওয়াসহ যুক্তরাষ্ট্রের ঘোষিত বা কথিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি।
ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য পদক্ষেপের যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জোর দেন আকরামিনিয়া।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত করতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী নতুন কৌশলও তৈরি করেছে বলে জানান তিনি। তথ্যসূত্র: তাসনিমনিউজ।