পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকায় একটি ব্রিজের অংশ ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।
বুধবার (১০ জুন) সকালে দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত বোঝাই আলুবাহী ট্রাকটি ব্রিজে ওঠার পরই হঠাৎ ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির ধারণক্ষমতার তুলনায় বেশি ওজনের যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রয়োজনীয় সতর্কতা ও নজরদারির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী দ্রুত ব্রিজটি মেরামত, ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।