রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় হযরত আলী (২৭) নামে এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। আটক ব্যক্তি চানখারপুল মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে কাজ করতো।
শনিবার (১৮ জুলাই) দুপুর বারোটার দিকে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার পিসি মো. শাহাদাত বলেন, হযরত আলী নামের এক দালাল নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনকে ফুশলিয়ে বাইরের চানখারপুল বেসরকারি প্যাথলজি ল্যাবে নিয়ে যাচ্ছিল। পরে রোগীর স্বজন বিষয়টি বুঝতে পেরে আমাদের জানালে আমরা তাকে ধরে প্রশাসনিক ব্লকে নিয়ে আসি। পরে পরিচালকের নির্দেশে ওই দালালকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। অভিযোগকারীদেরও পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, হাসপাতালের বিপরীত পাশে চানখারপুল এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্যাথলজি ল্যাব। হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এসব প্যাথলজি ল্যাবের দালাল চক্র কম টাকায় দ্রুত রিপোর্ট পাওয়া যাবে বলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায়।
শনিবার (আজ) আনসার সদস্যদের হাতে মাই হেলথ ডায়াগনস্টিক সেন্টারের হযরত আলী আটক হয়। হাসপাতালের বেশ কয়েকজন চতুর্থ শ্রেণির কর্মচারী এই প্যাথলজি ল্যাবের মালিক বলে জানা যায়।