সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাদকের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ফকিরতলা এলাকায় অবস্থিত ‘হৃদয় স্টেশনারী’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান হৃদয় বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মেহেদী হাসান হৃদয় চন্দ্রকনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি জানান, রাজনীতির পাশাপাশি ফকিরতলা এলাকায় ‘হৃদয় স্টেশনারী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখানে স্টেশনারি সামগ্রীর পাশাপাশি বিকাশ, নগদ ও ফ্লেক্সিলোডের সেবাও দেওয়া হয়।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, খোকশাবাড়ী ইউনিয়নে মাদক সেবন ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মিজানুর রহমান মৃদুল, রিপন হোসেন, বখতিয়ার ফিরোজ, সাজিত হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ব্যাপক ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দোকানের ক্যাশে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন স্টেশনারি সামগ্রী লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাকিবুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।