দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি কিশোরগঞ্জে তার প্রথম সফর।
আজ রবিবার (১৬ আগস্ট) সকালে ঢাকা থেকে সড়কপথে তিনি কিশোরগঞ্জ যাবেন। সফরে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে রওয়ানা হয়ে প্রথমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী।
বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এরপর সেখান থেকে তিনি কটিয়াদী উপজেলায় যাবেন। দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে সেখানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাঝে সম্মানীর চেক হস্তান্তর করবেন। সন্ধ্যা ৬টায় সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।