রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ১৯ আগস্ট সিরাজগঞ্জ সফর করেন। এ সময় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু (বিপিএম-বার) ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান। ডিআইজির সহধর্মিনী ও পুনাক রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হককেও পুনাক সিরাজগঞ্জের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সফরের অংশ হিসেবে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানায় মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু।
ডিআইজি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদক, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা জোরদারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সব ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করছে। তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা তদন্ত, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।