গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা জব্দের ঘটনায় সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার স্বামী প্লাবন মিয়া পালিয়ে যান।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া এলাকায় প্লাবন মিয়ার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পরে বাড়ির শয়নকক্ষের বিছানার তোষকের নিচে ও একটি প্লাস্টিকের কৌটা থেকে ৩২৫ পিস ইয়াবা এবং মাদক কেনাবেচার ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাথী বেগম সবুজপাড়া এলাকার মনির হোসেনের মেয়ে ও প্লাবন মিয়ার স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার জানান, সাথী বেগম ও পলাতক প্লাবন মিয়া দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় এর আগে ১৫টি মাদক মামলা রয়েছে। পলাতক তাকে গ্রেফতারে অভিযান চলছে।