সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার আমান ফিড মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ভোররাতে বেশ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে মহড়া দেয়। একপর্যায়ে অফিসে আগুন দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের আশঙ্কা, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শ্রমিক ইউনিয়ন অফিসের পাশাপাশি আশপাশের বসতবাড়িতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আমান ফিড মিলের সামনে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করা, শ্রমিক ইউনিয়নের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অসন্তোষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় তারা ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর পরপরই শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, শ্রমিক ইউনিয়নের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, শ্রমিক ইউনিয়ন অফিসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগের বিষয়ে আমান ফিড মিল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ, কারা জড়িত এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে।