পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগের মধ্যে বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীতীরে বসবাসকারী বন্যাদুর্গত পরিবারের মধ্যে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বৃদ্ধিতে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট উপলব্ধি করে সিটি করপোরেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যাকবলিত পরিবারগুলোর পাশে সিটি করপোরেশনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও থাকবেন।
এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।