দিনাজপুরের বীরগঞ্জে প্রয়াত আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রয়াত আজমল হকের স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বিপন্ন মানবতার পাশে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মো. মীর কাশেম লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, কৃষক দলের সভাপতি ও ঠিকাদার ফজলে আলম শাহীন, বীরগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ঠিকাদার মো. মামুনুর রশিদ মামুন এবং প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান সজল।