ইরাকে তেল পাচারের অভিযোগ অস্বীকার করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। দেশটির জুরফ আল-নাসর এলাকায় তেল পাচার নিয়ে দুর্নীতিবিরোধী তদন্ত শুরুর পর গোষ্ঠীটি এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। একই সঙ্গে নিরস্ত্রীকরণের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তারা।
রবিবার (১৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ জানায়, ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে। গোষ্ঠীটির দাবি, তাদের অস্ত্র সমর্পণে বাধ্য করতে এটি সবচেয়ে বড় ব্ল্যাকমেইল অভিযান।
আলজাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেল পাচারের অভিযোগ তদন্তের পরদিনই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেন।
ইরাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গোয়েন্দা নথি ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তেল পাচারের প্রমাণ পেয়েছে। এসব ছবিতে সশস্ত্র গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় তেল পাচারের কার্যক্রম পরিচালনার চিত্র উঠে এসেছে বলে দাবি করেছে কমিটি।
তদন্ত কমিটি অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিভাগের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। বরখাস্ত হওয়া নয়জনের মধ্যে বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইন কোম্পানির পরিচালক রয়েছেন।
তদন্তের ফলাফলের প্রতিক্রিয়ায় কাতাইব হিজবুল্লাহ দাবি করেছে, তদন্ত কমিটি তেল পাইপলাইনে কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি। তাদের ভাষ্য, এতে তেল পাচারের অভিযোগ যে মিথ্যা, তা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। শুক্রবার জুরফ আল-নাসর এলাকায় তদন্ত কমিটির পরিদর্শনের সময় তাদের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এদিকে ইরাকের ওপর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে এবং তেহরানের প্রভাব নিয়ন্ত্রণে রাখতে ওয়াশিংটনের চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখা ইরাকের জন্য বিষয়টি একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এর আগে প্রধানমন্ত্রী আল-জাইদি রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র জমা দিতে বাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কাতাইব হিজবুল্লাহ তাদের অস্ত্রভাণ্ডার ধরে রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাপে প্রধানমন্ত্রী এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর কাতাইব হিজবুল্লাহসহ ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আলজাজিরা ও এএফপি