এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। প্রতিপক্ষের দেওয়া ৮৮ রানের লক্ষ্য মাত্র ৬.৩ ওভারেই পেরিয়ে যায় পাকিস্তান।
আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে তারা।
শ্রীলঙ্কার হয়ে পিযুমাল ২৫ বলে অপরাজিত ২২ রান করেন। পেরেরা ২৬ বলে অপরাজিত থাকেন ১২ রানে। এছাড়া কৃষান ১৩ এবং ভিনস্লি ১১ রান করেন। পাকিস্তানের হয়ে আব্বাস, উল্লাহ ও এম. সফদর একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৬.৩ ওভারে ৮৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে দলটি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এম. সফদর। মাত্র ২১ বলে ৮টি চারের সাহায্যে এই রান করেন তিনি। অন্য প্রান্তে এন. উল্লাহ ২০ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন।