ঠাকুরগাঁও শহরকে সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও নিরাপত্তায় কাজ করছে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটি। গাছ চুরি ও ফুল ছিঁড়ে নেয়ার ঘটনা ঠেকাতে এবার চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে সংগঠনটি।
সংগঠনটির উদ্যোগে লাগানো গাছগুলো নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। গাছে পানি দেওয়া, সার প্রয়োগ ও রোগবালাই প্রতিরোধে স্প্রে করার পাশাপাশি গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। তবে সম্প্রতি কিছু গাছ চুরি এবং গাছের ফুল ছিঁড়ে নেয়ার ঘটনায় গাছগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে নজরদারি বাড়াতে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গোবিন্দনগর মুন্সিরহাট গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, এসপিডিএসের এই উদ্যোগগুলো আমাদের খুব ভালো লাগে। তারা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেনি, নিয়মিত গাছের পরিচর্যা করছেন, স্প্রে করছেন এবং সার প্রয়োগ করছেন। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের সবার উচিত এই গাছগুলো রক্ষায় এগিয়ে আসা।
একই গ্রামের বাসিন্দা আসুরা বেগম বলেন, গাছ লাগানো যেমন ভালো কাজ, তেমনি গাছগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। এসপিডিএসের উদ্যোগে আমাদের এলাকার পরিবেশ আরও সুন্দর হচ্ছে। আমরা চাই, এভাবে গাছ লাগানো ও পরিচর্যার কাজ অব্যাহত থাকুক। যারা গাছের ক্ষতি করেন, তাদেরও এ বিষয়ে সচেতন হওয়া উচিত।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গাছ লাগানো নয়, সেগুলোকে বড় করে তোলা এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাই তাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সফল করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।