ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বইছে নির্বাচনি হাওয়া। মাঠ পর্যায়ে নিজেদের শক্তি জানান দিতে তৎপরতা জোরদার করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শেরপুর শহরে পৃথক বিশাল মিছিল ও শোডাউন করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতাকর্মীদের এমন সরব উপস্থিতিতে পুরো নির্বাচনি এলাকা এখন উৎসবমুখর।
বিকেল ৪টায় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মীর ‘ধানের শীষ’ ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ধানের শীষের পক্ষে বিএনপির রাজপথ কাঁপানো মিছিল
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই জনপদে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো মাঠে কাজ করছে।
মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমূ। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএনপির মিছিলের রেশ কাটতে না কাটতেই বিকেল সাড়ে ৫টায় মহাসড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামীর আরেকটি বিশাল মিছিল। দলটির মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানের নেতৃত্বে এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী অংশ নেয়। নেতাকর্মীরা জানান, বগুড়া-৫ আসনটি ঐতিহাসিকভাবেই তাদের শক্তিশালী ঘাঁটি এবং আসন্ন নির্বাচনে তারা সেই আধিপত্য পুনরুদ্ধার করতে চায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এবং সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক। তারা বলেন, ইনসাফ কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
একই দিনে হাতপাখা প্রতীকের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু শেরপুর শহরে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ মোটরসাইকেলের এই বহরটি নির্বাচনি আমেজকে আরও বাড়িয়ে দেয়।
শেরপুর ও ধুনট উপজেলার সাধারণ ভোটারদের মাঝে এই নির্বাচনি তৎপরতা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে এখন আলোচনার প্রধান বিষয় কে হচ্ছেন এই আসনের আগামীর কাণ্ডারি। দীর্ঘদিন পর বড় দলগুলোর এমন প্রকাশ্য কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ তৈরি করেছে