নতুন জুতা কিনেছেন, কিংবা অনলাইনে কোনও গ্যাজেট ডেলিভারি পেয়েছেন বক্স খুলতেই চোখে পড়ে ছোট্ট সাদা একটি প্যাকেট। তাতে লেখা থাকে, “ডু নট ইট”। বেশিরভাগ মানুষ একে গুরুত্ব না দিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেন। অথচ এই ছোট্ট প্যাকেটটাই হতে পারে আপনার ঘরের নীরব সহকারী। আর এর নাম সিলিকা জেল। অদৃশ্যভাবে আর্দ্রতার সঙ্গে লড়াই করে এটি রক্ষা করে আপনার প্রিয় জিনিসগুলোকে। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের বেশ কিছু সমস্যার সহজ সমাধানও লুকিয়ে আছে এই ছোট প্যাকেটের ভেতর।
সিলিকা জেল
সিলিকা জেল মূলত এক ধরনের আর্দ্রতা শোষণকারী পদার্থ। এটি সিলিকন ডাই-অক্সাইড দিয়ে তৈরি ছোট ছোট দানার মতো দেখতে। এর প্রধান কাজ হলো বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়া, যাতে পণ্যের ভেতরে ছত্রাক, গন্ধ বা নষ্ট হওয়ার ঝুঁকি কমে। এই কারণেই জুতা, ব্যাগ, ওষুধ, ক্যামেরা বা ইলেকট্রনিকস পণ্যের সঙ্গে সিলিকা জেল দেয়া হয়। এই সিলিকা জেল নানান কাজে ব্যবহার করা যায়। এবার দেখে নেয়া যাক যেভাবে কাজে লাগাবেন সিলিকা জেলের প্যাকেটগুলো:
পানিতে ভেজা ফোনের ক্ষেত্রে
অসাবধানতাবশত ফোন পানিতে পড়ে গেলে আমরা অনেকেই চালের ভেতর রেখে দিই। কিন্তু সিলিকা জেল আরও কার্যকরভাবে আর্দ্রতা শোষণ করতে পারে। ফোনটি ভালোভাবে মুছে একটি এয়ারটাইট ব্যাগে কয়েকটি সিলিকা জেল প্যাকেটসহ রেখে দিন কয়েকদিন। এতে ভেতরের আর্দ্রতা কমে গিয়ে ফোন আবার কাজ করার সম্ভাবনা বাড়ে।
ফোন পানিতে ভিজে গেলে ভালোভাবে মুছে একটি এয়ারটাইট ব্যাগে কয়েকটি সিলিকা জেল প্যাকেটসহ রেখে দিন কয়েকদিন। ছবি: সংগৃহীত
পুরোনো ছবি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সুরক্ষিত রাখতে
পুরোনো ছবি, সার্টিফিকেট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর্দ্রতার কারণে নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো ছবিগুলো একসঙ্গে লেগে যায় বা রং ফিকে হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে সংরক্ষণের জায়গায় কয়েকটি সিলিকা জেল প্যাকেট রাখলেই হবে। এটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্মৃতিগুলোকে দীর্ঘদিন অক্ষত রাখে।
পুরোনো ছবি ও কাগজ সংরক্ষণের জায়গায় কয়েকটি সিলিকা জেল প্যাকেট রাখলেই হবে। ছবি: এআই দিয়ে তৈরি
গয়নার উজ্জ্বলতা ধরে রাখে
গয়না যতই দামি হোক, আর্দ্রতার কারণে দ্রুত তার জেল্লা কমে যেতে পারে। বিশেষ করে সিলভার বা কস্টিউম জুয়েলারিতে কালচে ভাব আসে। জুয়েলারি বক্সে সিলিকা জেল রাখলে ভেতরের আর্দ্রতা কমে, ফলে গয়না দীর্ঘদিন উজ্জ্বল থাকে এবং ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন পড়ে না।
জুয়েলারি বক্সে সিলিকা জেল রাখলে ভেতরের আর্দ্রতা কমে, ফলে গয়না দীর্ঘদিন উজ্জ্বল থাকে। ছবি: এআই দিয়ে তৈরি
ব্যাগের দুর্গন্ধ দূর করে
জিম ব্যাগ বা প্রতিদিনের ব্যবহারের ব্যাগে ঘাম জমে একসময় তীব্র দুর্গন্ধ তৈরি হয়। এর মূল কারণ আর্দ্রতা ও ব্যাকটেরিয়া। সিলিকা জেল সেই আর্দ্রতা শুষে নিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়, ফলে দুর্গন্ধও কমে যায়।
শুকনো খাবার ভালো রাখে
পোষা প্রাণীর ড্রাই ফুড বা কিছু শুকনো খাবার আর্দ্রতায় নরম হয়ে যায়। সিল করা অবস্থায় সিলিকা জেল প্যাকেট পাশে রাখলে খাবার শুকনো থাকে এবং সহজে নষ্ট হয় না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্যাকেট যেন খোলা না থাকে এবং খাবারের সঙ্গে সরাসরি মিশে না যায়।
সিল করা অবস্থায় সিলিকা জেল প্যাকেট পাশে রাখলে খাবার শুকনো থাকে। ছবি: এআই দিয়ে তৈরি
ঘরকে সতেজ রাখতে সাহায্য করে
একটু ভিন্নভাবে ব্যবহার করতে চাইলে সিলিকা জেলের প্যাকেট খুলে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিতে পারেন। এটি ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে ঘরকে সতেজ রাখবে। তবে সরাসরি হাতে বেশি নাড়াচাড়া না করা এবং শিশুদের নাগালের বাইরে রাখা জরুরি।
সিলিকা জেল খেলে যা ঘটে:
সিলিকা জেলের প্যাকেটে লেখা থাকে এটা খাওয়া যাবে না। আর এই কারণেই অনেকের জানার আগ্রহ থাকে আসলে এটা খেলে কী হবে। বিশেষজ্ঞরা সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আসলে সিলিকা জেল বিষাক্ত না হলেও এটি খাওয়ার জন্য নয়। অল্প পরিমাণে খেলে সাধারণত বড় সমস্যা হয় না, কিন্তু বেশি খেলে শরীরে পানি শোষণ করে ডিহাইড্রেশন হতে পারে। আর পুরো প্যাকেট গিলে ফেললে শ্বাসরোধের ঝুঁকি থাকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে পোষ্য থাকলেও তার থেকে সিলিকা জেল দূরে রাখুন।
সবশেষে বলা যায়, সিলিকা জেল দরকারি জিনিস। এটা পরেরবার ফেলে না দিয়ে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। পরে এটা বিভিন্ন কাজে লাগবে। যেসব স্থানে আর্দ্রতা, দুর্গন্ধ বা নষ্ট হওয়ার ভয় সেখানে এই ছোট প্যাকেটটি দারুণ কাজ করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া