বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কর্মদক্ষতা, সেবার মান এবং দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেদী হাসানের হাতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন।
পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা মেহেদী হাসানকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনকল্যাণমূলক সেবা কার্যক্রম অব্যাহত রাখবেন।