সিরাজগঞ্জের সলঙ্গা থানার নয়াপাড়া রশীদপুর এলাকায় এক অটোভ্যানচালক যুবককে জিম্মি করে বলাৎকার এবং ঘটনার ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবক মিলন হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের নয়াপাড়া রশীদপুর গ্রামের লিটনের ছেলে হৃদয় হোসেন, শামসুলের ছেলে শফি আহামেদ, শফির ছেলে নাঈম আহামেদ, ইসমাইলের ছেলে সিয়াম হোসেন, মনিরুল ইসলাম, কাইয়ুম, তুহিন ও শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবক নয়াপাড়া রশীদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে স্থানীয় একটি দোকানের পাশে অবস্থানকালে অভিযুক্তরা কৌশলে তাকে পাশের একটি নির্জন বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলামসহ কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে বলাৎকার করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তদের কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ইমু’ অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর এক আত্মীয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মিলন হোসেন বলেন, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে গত ২৮ সেপ্টেম্বর সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।