ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কর্মবিরতির অভিযোগে আশুলিয়া ২১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের টানানো অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা নোটিশ দেখতে পান।পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়।
কারখানার নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিকরা কাজে যোগদান থেকে বিরত থাকেন। বারবার বলা সত্ত্বেও কোনও যৌক্তিক কারণ ছাড়া তারা কারখানাতে উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকেন। পরে শ্রমিকরা কারখানা ভাঙচুর করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, একই ধারাবাহিকতায় সকাল থেকে শ্রমিকরা অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করেন এবং কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। অব্যাহত শ্রমিক অসন্তোষ এবং সার্বিক নিরাপত্তার কারণে কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
তবে কারখানা দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।