রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার ৫০ জন কৃষককে একটি করে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং মেশিন স্থাপনের ঘর নির্মাণে প্রত্যেককে সাত হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং আমদানিনির্ভরতাও কমবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক।
এদিকে রবি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক রাখতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। তিনি বলেন, সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।