যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত ও আর্থিকভাবে সহযোগিতা করতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে ৩০৬ জনকে বাছাই করে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে।
তিনি বলেন, রাজশাহীর বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়। বিশেষ করে মেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলাকে ঐচ্ছিক নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
আমিনুল হক বলেন, খেলাধুলা একটি জাতির সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্যের অন্যতম মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। আগামী অর্থবছরে মাঠে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক সুইমিং পুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হবে।