মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
- ২০২৩ বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেনের মেয়েদের উল্লাস। ছবি: রয়টার্স

নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো চারটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ। ২০৩১ সালের আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকা। আর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যের চার অঞ্চলে।

সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুই আসরের আয়োজক হওয়ার দৌড়ে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব দুটি পাস হয়।

ফিফার নির্ধারিত নীতিমালা অনুযায়ী, ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করতে পেরেছিল আফ্রিকা ও কনক্যাকাফ অঞ্চলের সদস্য দেশগুলো। অন্যদিকে, ২০৩৫ সালের আসরের আয়োজক হওয়ার সুযোগ ছিল আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর।

২০৩১ সালের আসরটি হতে যাচ্ছে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম চার দেশের যৌথ আয়োজন। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল নারী বিশ্বকাপ। ফলে ২০৩১ সালের আসর হবে উত্তর আমেরিকায় মেয়েদের বিশ্বকাপের তৃতীয় আয়োজন।

অন্যদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে। যুক্তরাজ্যে এটিই হবে প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজনের পর দেশটিতে প্রথমবারের মতো ফিরবে ফুটবলের বিশ্ব আসর।

বিশ্বকাপের পরিসরও বাড়ছে। ২০৩১ সাল থেকে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে নারী বিশ্বকাপে। ২০৩৫ সালের আসরেও বহাল থাকবে এই ফরম্যাট। ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্ব শেষে ৩২টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।

এদিকে, নারী বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালে ব্রাজিলে। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো বসতে যাচ্ছে মেয়েদের ফুটবল বিশ্বকাপের আসর।

সবশেষ ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর