সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যু কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।