সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখতে দেখতে রেললাইনের উপর দিয়ে হাটার সময় ট্টেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বর্ধনগাছা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সে মারা যায়। মৃত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন (ছানা) জানান, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচের খেলা দেখছিলেন। এসময় তার কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরুতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।